অতীতের রাজনৈতিক ও আদর্শগত ভুলের দায় স্বীকার করে জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান।
বুধবার (২২ অক্টোবর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন,
“আমাদের দ্বারা যে যেখানে যত কষ্ট পেয়েছেন—সেই কষ্টের জন্য আমরা বিনা শর্তে ক্ষমা চাই। ব্যক্তি হোক বা গোটা জাতি—সবার কাছেই ক্ষমা চাইছি।”
তিনি স্বীকার করেন, দলের অতীতে এমন কিছু ভুল হয়েছে যা কেউ প্রকাশ্যে স্বীকার করেননি।
“আমরা কখনো বলিনি যে আমরা সকল ভুলের ঊর্ধ্বে। যে কোনো দল যদি তা দাবি করে, জাতি সেটা মেনে নেবে না। তাই আমাদেরও নিজেদের ভুল স্বীকার করতেই হবে,”—যোগ করেন তিনি।
জামায়াত আমির আরও বলেন, জানা-অজানা সব ভুলের সংশোধনকারীদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। “আমরা শিখেছি, ভুল থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হয়,”—তার ভাষায়।
এসময় তিনি গণভোটের মাধ্যমে পিআরসহ নানা রাজনৈতিক ইস্যু নির্ধারণের প্রস্তাব দেন এবং বলেন, রমজানের আগে জাতীয় নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই।
ক্ষমতায় এলে সংখ্যালঘুদের সাংবিধানিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিতে দৃঢ় প্রতিশ্রুতি দেন ডা. শফিকুর রহমান। পাশাপাশি প্রতিবেশী ভারতের সঙ্গে “সমতার ভিত্তিতে পারস্পরিক সম্মাননির্ভর সম্পর্ক” গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
জাতির কাছে ক্ষমা—নতুন রাজনীতির সূচনা কি তাহলে এখানেই?
✪ টক ডেস্ক রিপোর্ট: 









