✪ সাভার (ঢাকা) প্রতিনিধি:
বৈষম্যবিরোধী আন্দোলন ২৪-এর ১৮ জুলাই সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পাকিজা এলাকায় হত্যার শিকার হন শাইখ আসহাবুল ইয়ামিন। এ হত্যা মামলার আসামি নিষিদ্ধঘোষিত যুবলীগ নেতা আহম্মেদ ফয়সাল নাইম তূর্যকে (৩০) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (০৩ জানুয়ারি) দুপুরে এ তথ্য জানিয়েছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. সাইদুল ইসলাম।
রাজধানীর শেরেবাংলানগর থানাধীন আগারগাঁও পানির ট্যাংকির মোড় এলাকা থেকে ওই যুবলীগ নেতাকে শুক্রবার (০২ জানুয়ারি) রাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আহম্মেদ ফয়সাল নাইম তূর্য (৩০) নিষিদ্ধ সংগঠন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মৃত আবু আহম্মেদ নাসীম পাভেলের ছেলে। সে সাভার থানা যুবলীগের সভাপতি প্রার্থী হয়ে দলীয় কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত ছিল।
ডিবি পুলিশ জানায়, নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ সরকারের দোসর যুবলীগ নেতা জুলাই অভ্যুত্থানে শহীদ ইয়ামিন হত্যা মামলার আসামি আহমেদ ফয়সাল নাঈম তূর্য। দীর্ঘদিন ধরে সে পলাতক থেকে ফেসবুকের মাধ্যমে সরকারবিরোধী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল।
ঢাকা জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় বিশেষ অভিযান চালিয়ে আগারগাঁও পানির ট্যাংকির মোড় এলাকা থেকে তূর্যকে গ্রেপ্তার করা হয়েছে।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মো. সাইদুল ইসলাম বলেন, ‘তথ্য-প্রযুক্তি ব্যবহার করে গোপন সংবাদের ভিত্তিতে নিষিদ্ধ সংগঠন যুবলীগের সক্রিয় সদস্য আহম্মেদ ফয়সাল নাইম তূর্যকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ৬টি বৈষম্যবিরোধী হত্যা মামলাসহ ১টি সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
Reporter Name 









