✪ টাইমস অব ক্যাম্পাস প্রদিবেদক:
শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র সক্রিয় হয়ে উঠেছে—এমন তথ্যের ভিত্তিতে দেশজুড়ে সতর্কতা জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। উপবৃত্তির টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে শিক্ষার্থী, অভিভাবক এবং মাঠপর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের কাছ থেকে অ্যাকাউন্ট নম্বর, পিন ও ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) সংগ্রহের চেষ্টা চলছে বলে জানানো হয়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানায়, কিছু ব্যক্তি নিজেদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কিংবা আইবাস ডাবল প্লাসের কর্মকর্তা পরিচয় দিয়ে ফোন করছে। তারা বিদ্যালয়, ক্লাস্টার ও উপজেলা পর্যায়ের উপবৃত্তি সফটওয়্যার ব্যবহারকারীদের কাছ থেকে ইউজার আইডি, পাসওয়ার্ড ও ওটিপি চাইছে—যা সম্পূর্ণভাবে প্রতারণামূলক।
এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (উপবৃত্তি) নিখিল চন্দ্র হালদার বলেন, “একটি প্রতারক চক্র পরিকল্পিতভাবে এই কাজ করছে। এমনকি আমার কাছেও ফোন করে ওটিপি চাওয়া হয়েছে। আমরা শিক্ষক ও অভিভাবকদের নিয়মিতভাবে সচেতন করার চেষ্টা করছি, যাতে দেশের প্রায় ৬৫ হাজার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা বিষয়টি গুরুত্বের সঙ্গে নেন।”
অধিদপ্তরের পক্ষ থেকে স্পষ্ট করে জানানো হয়েছে, উপবৃত্তি সংক্রান্ত কোনো কার্যক্রমের জন্য কখনোই মাঠপর্যায়ের কোনো ব্যবহারকারীর কাছ থেকে ওটিপি, ইউজার আইডি বা পাসওয়ার্ড চাওয়া হয় না এবং ভবিষ্যতেও এমন প্রয়োজন নেই।
একই সঙ্গে সতর্ক করে বলা হয়েছে, কোনো অবস্থাতেই এসব গোপন তথ্য কারও সঙ্গে শেয়ার করা যাবে না। যদি ভুলবশত কেউ ওটিপি বা লগইন তথ্য দিয়ে ফেলে থাকেন, তাহলে অবিলম্বে পাসওয়ার্ড রিসেট ও পরিবর্তন করার নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া প্রতারক বা হ্যাকার চক্র যেসব নম্বর থেকে ফোন করে হুমকি-ধমকি দিচ্ছে, তাদের বিরুদ্ধে নিকটস্থ থানায় অভিযোগ বা সাধারণ ডায়েরি (জিডি) করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে অভিযোগের কপি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপবৃত্তি বিভাগে ই-মেইলের মাধ্যমে (dirpesd.dpe@gmail.com) পাঠাতে অনুরোধ করা হয়েছে।
অধিদপ্তর আশা করছে, শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের সচেতনতা বাড়লে এই প্রতারণা চক্রকে দ্রুত প্রতিহত করা সম্ভব হবে।
Reporter Name 









