✪ধ্রুব নয়ন:
বগুড়ার দুপচাঁচিয়ায় অস্ত্রের মুখে অপহরণের শিকার লটো শো-রুমের স্বত্বাধিকারী পিন্টু আকন্দের (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২২ ডিসেম্বর) দিবাগত রাত ৩ টার দিকে পাশের আদমদীঘী উপজেলার কুমারপাড়া থেকে লাশ উদ্ধার করা হয়।
পুলিশের ধারণা, অপহরণের পর শ্বাসরোধে পিন্টুকে হত্যার পর মরদেহ ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার হোসেন বলেন, হত্যায় ব্যবহৃত মাইক্রোবাসসহ কয়েকজনকে আটক করা হয়েছে। বাকিদের শনাক্ত ও গ্রেফতারে কাজ চলছে। তবে হত্যার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে সোমবার রাত ৯ টা ৮ মিনিটের দিকে সাদা রঙের একটি হাইস মাইক্রোবাস দুপচাঁচিয়া লটো শো-রুমের সামনে আসে। মাইক্রোবাসটি থেকে চারজন দুর্বৃত্ত বেরিয়ে আসে। তাদের মধ্যে একজন পিন্টুকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে শো-রুম থেকে টেঁনে বের করেন।
পরে বাহিরে থাকা বাকিরাসহ তাঁরা পিন্টুকে সাদা মাইক্রোবাসে উঠিয়ে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়ক ধরে আদমদিঘী নিয়ে যায়৷ দুর্বৃত্তদের সবার মুখ ঢাকা ছিল।
নিহত ব্যবসায়ী পিন্টুর বাড়ি নওগাঁ জেলার রাণীনগর উপজেলায়। এই ঘটনায় দুপচাঁচিয়া-আদমদীঘির ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
Reporter Name 









