মঙ্গলবার (২২ অক্টোবর) এমপিও শিক্ষক-কর্মচারী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী বলেন, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ না হওয়া পর্যন্ত শিক্ষকদের সংগ্রাম অব্যাহত থাকবে। তিনি এ বিষয়টি নিজের ফেসবুক পোস্টে জানিয়েছেন।
পোস্টে তিনি লিখেছেন, “জাতীয়করণ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের এই সংগ্রাম চলতে থাকবে, ইনশা-আল্লাহ।”
এদিকে, টানা আট দিন কর্মবিরতির পর আজ (২২ অক্টোবর) থেকে সারাদেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা ক্লাসে ফিরছেন। শিক্ষক নেতারা বাড়িভাড়া ভাতা আংশিক বৃদ্ধির বিষয়ে সরকারের সিদ্ধান্ত ও অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন প্রকাশের পর আন্দোলন স্থগিতের ঘোষণা দেন।
এর আগে, শিক্ষকরা ১২ অক্টোবর থেকে বাড়িভাড়া ভাতা ২০ শতাংশ, কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশ এবং চিকিৎসা ভাতা ১,৫০০ টাকায় উন্নীত করার দাবিতে কর্মসূচি চালাচ্ছিলেন।
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের উপসচিব মো. শরিফুন্নেসা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা দুই ধাপে বৃদ্ধি পাবে। প্রথম ধাপ ১ নভেম্বর ২০২৫ থেকে মূল বেতনের ৭.৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২,০০০ টাকা) এবং দ্বিতীয় ধাপ ১ জুলাই ২০২৬ থেকে অতিরিক্ত ৭.৫ শতাংশ যোগ হয়ে মোট ১৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২,০০০ টাকা) নির্ধারণ করা হয়েছে। এই সিদ্ধান্ত সরকারের বিদ্যমান বাজেট সীমাবদ্ধতা বিবেচনায় নেওয়া হয়েছে।
✪ টিওসি ডেস্ক রিপোর্ট: 









