বাড়ি ভাড়া ভাতা মাত্র ৫ শতাংশ বৃদ্ধির সরকারি প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন দেশের বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।
রোববার (১৯ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনের পরপরই ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’-এর সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী সামাজিক যোগাযোগমাধ্যমে এক প্রতিক্রিয়ায় জানান, “৫ শতাংশ বাড়িভাড়া ভাতার প্রজ্ঞাপন আমাদের আন্দোলনের একটি প্রাথমিক সাফল্য। তবে ২০ শতাংশ বাড়িভাড়া, ১ হাজার ৫০০ টাকা মেডিকেল ভাতা এবং ৭৫ শতাংশ উৎসব ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন না আসা পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে।”
জাতীয় শহীদ মিনারে অনশন অব্যাহত
এদিনও জাতীয় শহীদ মিনারে টানা অষ্টম দিনের মতো অবস্থান ও অনশন কর্মসূচি পালন করেন শিক্ষক-কর্মচারীরা। দুপুর ১২টায় ‘শিক্ষাভবন অভিমুখে ভুখা মিছিল’ করার নতুন কর্মসূচিরও ঘোষণা দেওয়া হয়।
অর্থ মন্ত্রণালয়ের আদেশে বাড়ি ভাড়া ভাতা ৫ শতাংশ
এর আগে সকালে অর্থ বিভাগ উপসচিব মিতু মরিয়ম স্বাক্ষরিত এক অফিস আদেশে জানায়—
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২ হাজার টাকা) বাড়ানো হয়েছে।
আদেশে আরও বলা হয়, ৬টি শর্ত পূরণের ভিত্তিতে এই সুবিধা দেওয়া হবে, যা আগামী ১ নভেম্বর থেকে কার্যকর হবে।
তবে শিক্ষক-কর্মচারীরা এই সিদ্ধান্তকে ‘অপর্যাপ্ত ও প্রহসনমূলক’ আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছেন। তাদের দাবি— সরকারকে দ্রুত ২০ শতাংশ বাড়িভাড়া, ১ হাজার ৫০০ টাকা মেডিকেল ভাতা এবং ৭৫ শতাংশ উৎসব ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন জারি করতে হবে, অন্যথায় আন্দোলন আরও তীব্র হবে।
✪ ধ্রুব নয়ন : 









